ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৯ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এর আগে, বৃহস্পতিবার শপথ নেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরও আগে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ।

২০২৩ সালের ৪ অক্টোবর ঢাবির ডাকসু ভবনের সামনে থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এ ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুরে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page